ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

খালেদাকে বিদেশ যেতে অনুমতি দেবে সরকার, আশা মির্জা ফখরুলের

করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার (৬ মে) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।


খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাকে (খালেদা) বিদেশে নিতে তার পরিবারের ইচ্ছার কথা জানিয়েছি। পরিবার চায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে।’


এ সময় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকারের ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশাপ্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়া সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।


অনুষ্ঠানে মির্জা ফখরুল করোনায় মারা যাওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের ১০টি পরিবারের মাঝে দলের পক্ষে ইদের শুভেচ্ছা উপহার তুলে দেন।


উল্লেখ্য, গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর ২৭ এপ্রিল খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তের ১৪ দিন পর গত শনিবার (১ মে) দুপুরে ফের খালেদা জিয়ার নমুনা নেওয়া হয়। দ্বিতীয়বার পরীক্ষাতেও তার রিপোর্ট পজিটিভ আসে। এরই মধ্যে গত সোমবার (৩ মে) থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। পরে শ্বাসকষ্ট হওয়ায় কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয় তাকে। তবে সিসিইউতে তার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। শ্বাসকষ্টের যে সমস্যা, তা-ও পুরোপুরি সারেনি বলে জানা গেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑